মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:
বই নিয়ে চলছে সংকট। গত ১ জানুয়ারি বই উৎসবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বিনামূল্যে বই বিতরণ করা হলেও এখনও শিক্ষার্থীরা হাতে পায়নি বেশ কয়েকটি বই। বই নিয়ে এমন সংকটের মাঝেই পাচার হয়েছে সাড়ে এগারো হাজার বই। পাচারের এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ররিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য দেড় টন ট্রাক ভর্তি একটি ট্রাকসহ চালক শ্যামল (৩৩) এবং তার ভাই হেলপার রাসেলকে আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। আটককৃতরা জানায়, উদ্ধারকৃত বইগুলি সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ (৪৫) এর নিকট হইতে আর্থিক সুবিধার বিনিময়ে সংগ্রহ করেন।
এমন সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফকে সাথে নিয়ে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারী কলেজে রক্ষিত ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিনামূলে বিতরণের জন্য মজুদকৃত বই গণনা করে দেখতে পান ষষ্ঠ শ্রেণির ৩শ, সপ্তম শ্রেণির ৭ হাজার ৮শ, অষ্টম শ্রেণির ২ হাজার ৬শ, নবম শ্রেণির ৮শ বইসহ মোট সাড়ে এগারো হাজার বই চুরি হয়েছে। যাহার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।
পরে সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদকে (৪৫) আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। মাজেদুর রহমান সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে।
এঘটনায় সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বাদি হয়ে অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদের নাম উল্লেখসহ ট্রাকের চালক ও হেলপারের নাম অজ্ঞাত রেখে থানায় একটি মামলা করেন।
বই পাচারের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মন্ডলের সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ‘বই পাচারের ঘটনায় একটি মামলা হয়েছে। অফিস সহকারী মাজেদকে গ্রেফতার করা হয়েছে এবং বঙ্গবন্ধু পশ্চিম থানায় আটক দু’জনকে সুন্দরগঞ্জ আনা হচ্ছে।’