স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্যা কমন পিপল (এলকপ) চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ভাষার কারনে, ধর্মের কারনে লাখ লাখ রোহিঙ্গাকে খুন করা হয়েছে। তখন বিশ্বের বিভিন্ন দেশ দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেখানে বাংলাদেশ সকল দুয়ার খুলে দিয়েছিল। এতে টেকনাফের বাসিন্দারা ঝামেলায় পড়লেও রাষ্ট্র হিসাবে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মানবিকতা কাকে বলে? দু:খের সময় মানুষের পাশে কি ভাবে দাঁড়াদে হয় বাংলাদেশ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি : তৃণমূল জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় এসময় এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্যা কমন পিপল’র (এলকপ) প্রিন্সিপাল রিসার্চ কনসালট্যান্ট ড. হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বল, রিসার্চ কনসালটেন্স জহিরুল উদ্দিন সোহাগ, আরিফিন মিজান, অরূপ রতন সাহা প্রমুখ ও উপস্থিত ছিলেন। এতে টুঙ্গিপাড়া উপজেলার তৃনমুল জনগোষ্ঠীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এর আগে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। #