• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ব্যবসায়ী হাবিব হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ব্যবসায়ী হাবিব হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যবসায়ী হাবিব মোল্লার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিহতের স্বজন ও বেদগ্রাম এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে শহরের বেদগ্রাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। এ কর্মসূচীতে নারী-পুরুষসহ কয়েকশ” এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে নিহতের বাবা কামরুল মোল্যা, নানা শেখ বাবুল মিয়া, শ্বাশুরী ম‌নিরা বেগম, ব্যবসায়ী বাচ্চু সিকদার, সোহেল মোল্যা বক্তব্য রাখেন।

এসব বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, কি কারনে হাবিববে হত্যা করা হয়েছে তা এখনো পুলিশ বের করতে পারিনি। এমনকি মাত্র একজন আসামীকে আটক করতে পারলেও অন্য আসামীরা পলাতক রয়েছে। দ্রুত পলাতক আসামীদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার দাবী জানান তারা।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনায় গোপালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর হাবিব মোল্লাকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল দূর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ০১ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। #