গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জমিজমা নিয়ে বিরোধের জেরধরে আটটি পরিবারের যাতায়তের একমাত্র ব্রিজ ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের।
সোমবার সকালে ওই গ্রামের হারুন হাওলাদার অভিযোগ করে বলেন, বসতবাড়ির পাশে নালার উপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করে আটটি পরিবার যাতায়ত করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ জামাল ফকির ও তার পরিবারের সদস্যরা ব্রিজটি ভেঙ্গে দিয়েছে। এতে তাদের আটটি পরিবার চরম দূর্ভোগে পরেছে। ওই গ্রামের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন বলেন, ব্রিজটি ভেঙ্গে ফেলায় চরম দূর্ভোগ পোহাচ্ছে আটটি পরিবার সহ স্থানীয় বোরো চাষিরা। তিনি আরও বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ থেকে উভয় পক্ষকে নিয়ে মিমাংসার প্রস্তাব দেয়া হলেও জামাল ফকির ও তার পরিবারের সদস্যরা তা আগ্রাহ্য করছেন। অভিযোগ অস্বীকার করে জামাল ফকিরের স্ত্রী মুকুল বেগম বলেন, হারুন হাওলাদারের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলমান আছে। জুয়েল নামের স্থানীয় কাঠ ব্যবসায়ী তার ব্যক্তিগত প্রয়োজনে কাঠের ব্রিজটি নির্মান করেছিলেন। পরে সে (জুয়েল) ব্রিজটি ভেঙ্গে নিয়ে গেছেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।