গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ট্র্রাকে কাটা গাছ উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির (লাট) আঘাতে দুই শ্রমিক নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন জানান, গাছ কাটার ৭/৮জন শ্রমিক শাওড়া এলাকায় সড়কের পাশে বসে কাটা গাছ লাট বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি (হারুন) পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। এসময় গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত আটটার দিকে শহিদ হাওলাদার (৩৫) মারা যায়। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে। গুরুত্বর আহত আরো দুইজন শ্রমিক শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।