আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী উলুবটতলা সংলগ্ন বিলের মধ্যে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় জনতা সূত্রে জানা গেছে, আনুমানিক বেলা ১১ টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের মৃত- ইউনুস সরদারের ছেলে আজিজুর রহমান সরদার (৪৫) মাছের ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ ঘেরের মধ্যে লাশটি দেখতে পান। লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় মানুষ এসে থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করেন। এবিষয়ে সাবেক পৌর কাউন্সির ও যশোর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য রউফ মোল্লা জানান, আমি সংবাদ পেয়ে দেখতে এসেছি, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ঐ ব্যক্তি আমাদের এলাকার কেউনা, আমাদের এলাকার কেউ তাকে চিনেনা, ঐ ব্যক্তির বাড়ি অন্য কোন এলাকায়। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত একজনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে, লাশ যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো পরিক্রিধীন। এব্যাপারে তদন্ত করা শুরু হয়েছে। দ্রুত সময়ে হত্যাকারীদের আটক করার জন্য অভিযান চলছে।