গৌরনদী প্রতিনিধি \ কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কবি ‘সুকান্ত’ মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবির পৈত্রিক ভিটায় এ মেলার আয়োজন করা হয়। গত বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম মেলা উদ্বোধন করেছেন। মেলা চলবে ৫ মার্চ রবিবার বিকেল পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেলে মেলায় আগত বরিশালের আগৈলঝাড়া উপজেলার তপন বসু বলেন, কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে যৌবনের কবি সুকান্ত মেলা হচ্ছে জানতে পেরে মেলায় এসেছি। কবির পৈত্রিক ভিটা ঘিরে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে কবি পরিচিতি সহ ইতিহাস এবং গোপালগঞ্জের ও ঐতিহ্য সম্পর্কে মানুষ জানতে পারবে। গোপালগঞ্জে থেকে আসা প্রীতিলতা বলেন, কবি সুকান্ত মেলায় বেশ কয়েকটি বইয়ের স্টল বসেছে। তবে তা তুলনামূলকভাবে কম। এছাড়া বইয়ের সংখ্যাও কম। আমরা চাই মেলায় বইয়ের স্টল ও বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হোক। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যর আদর্শকে বর্তমান যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে কিছুটা হলেও কবি সুকান্ত ভট্টাচার্যকে বাঙালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারব। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, দেশী-বিদেশী পর্যাটকরা এখানে এসে কিশোর কবির বাড়ির পর্যবেক্ষণ করতে পারে সেজন্য পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হবে।