বরিশাল ব্যুরো
বৈধ পথে বিদেশ গমনের আহ্বান জানানো হয়েছে অভিবাসনে সুশান নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালায়। সোমবার সকালে বরিশাল সদর উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা একেএম সাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রধান কার্যালয়) এর ব্যবস্থাপক নাজিবা আক্তার। তিনি ব্র্যাকের মাইগ্রেশান প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যার ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, বিদেশ গমনের পূর্বে প্রতিটি শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে (হুন্ডির মাধ্যমে) না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট কো-অডিনেটর বাসুদেব চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, ইউপি চেযারম্যান মনিরুল ইসলাম ছবি, ব্র্যাক জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তরফদার, চ্যানেল আই বরিশাল জেলা প্রতিনিধি সাইদুর রহমান পান্থ, সৌদি আরব ফেরত সাথী খাতুন প্রমুখ। ##