বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে দু’পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সদ্য বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়া বরগুনা জেলা ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তপ্ত বেতাগী। ওই যুবলীগ নেতা বেতাগী উপজেলা যুগলীগের সাংগঠনিক সম্পাদক মো.টুটুল খান। বেতাগী সদর ইউনিয়নের বাকাপুল নামক স্থানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। আহত যুবলীগ নেতার ভাই জসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। টুটুল বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা রফিক। এদিকে পুলিশ বলছেন ঘটনার পরপরই রফিক ও তার সমর্থকদের গ্রেফতারে বেতাগী থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
আহত যুবলীগ নেতা টুটুল খানের ভাই জসিম খান বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান,’ টুটুল খান(আহত যুবলীগ নেতা) তার শশুড় বাড়ি এলাকায় জরুরী কাজে গেলে পূর্ব শত্রুতার জেরে বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদ থেকে সদ্য বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতা মো.রফিক ও তার সমর্থকরা অতর্কিত হামলা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে টুটুলের দু’পা ও একটি হাতের বেশ কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন করে। হামলার ঘটনার সময় টুটুল একাই ছিলো আর রফিকের সাথে ছিলো ৮-১০জন দুর্বৃত্তররা। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে টুটুল ঘটনার বিবৃতি দিতে গিয়ে অজ্ঞান হয়ে পরে। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এদিকে ওই ছাত্রলীগ নেতা মো.রফিকুল ইসলাম যুগান্তরকে মুঠোফোনে জানান,’ কে বা কারা এ হামলা করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি আরো বলেন, বেশ কিছুদিন যাবৎ তিনি পারিবারিক কাজে এলাকার বাহিরে আছেন।’
বেতাগী থানার ওসি মো.আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন,’ ঘটনায় সম্পৃক্ত থাকা সকলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।