• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোমে ‘গণহত্যা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৩, ১৬:৪৩ অপরাহ্ণ
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোমে ‘গণহত্যা দিবস’ পালিত

ইতালি প্রতিনিধিঃ
রোমস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারির উপস্থিতিতে ২৫শে মার্চ, “গণহত্যা দিবস” এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) জনাব আসিফ আনাম সিদ্দিকী গণহত্যা দিবসের প্রেক্ষাপট, ইতিহাস এবং দিনটিকে আন্তর্জাতিক পরিমন্ডলে গণহত্যা দিবস হিসেবে পালনের গুরুত্বের উপর আলোকপাত করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণও আলোচনায় অংশগ্রহণ করেন। মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন যে, ২৫ শে মার্চের কালরাত্রিতে ভয়াল পরিস্থিতিতেও বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে অনন্যসাধারণ প্রজ্ঞা ও ধীশক্তির নজির স্থাপন করেন তা ইতিহাসে বিরল। এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, বর্বরতা ও নির্যাতন মানবতার ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করে এ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জোরালো দাবী জানান। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের এ দাবী অচিরেই বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হবে। মান্যবর রাষ্ট্রদূত গণহত্যার নির্মমতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) জনাব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানের শেষে সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।