বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫ টন চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ওই চাল মোকামিয়া ইউনিয়নের সুবিধাভোগী জেলেদের জন্য বরাদ্দকৃত।
রবিবার রাতে জব্দকৃত চাল বেতাগী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কবির হাওলাদারের বাড়িতে বসতঘরের মধ্যে পাওয়া যায় যা মোকামিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকন সংরক্ষণ করেছে এমনটাই নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা। চাল জব্দকালে বিতরণের তালিকা (মাস্টার রোল) দেখাতে না পারার কারনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামিয়া ইউনিয়নের সুবিধা জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০কেজি বস্তার ১০০ বস্তা চাল উদ্ধার করেন প্রশাসন, যার মোট ওজন ৫ মেট্র্যিক টন। তবে জব্দকালে মোকামিয়া ইউনিয়নের চাল পাওয়া যায় বেতাগী সদর ইউনিয়নে। এ নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ ব্যাপারে একাধিকবার ভিন্নমত পোষণ করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ফারুক হোসেন খোকন । তিনি প্রথমে বলেন তার ওয়ার্ডের সকল চাল ইতিপূর্বে বিতরণ সম্পন্ন হয়েছে, আবার বলেন অর্ধেক সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ হয়েছে, কিছুক্ষণ পর বলেন চাল আদৌ বিতরণ করিনি কাল করবো। তবে তার কাছে মাস্টার রোল চাইলে তিনি সর্বশেষ বলেন, মাস্টার রোল ইউপি সচিবের কাছে তিনি ইউপি কার্যালয়ে নেই এবং আসতেও পারবেন না।
এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ বলেন, অতিরিক্ত পরিবহন খরচ বাচাঁতে ও জনগণের সুবিধার্থে ওই স্থানে চাল মজুদ রাখা হয়েছে। চাল চুরি করার জন্য কেউ মজুদ করেনি।
বেতাগী উপজেলা মৎস্য ককর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিজিএফের সরকারি ৫০ কেজি ওজনের ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল উপজেলা ডাকবাংলোর হল রুমে সংরক্ষিত আছে। এ ব্যাপারে আইনানুগ কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংরক্ষণ করা সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠাই। এ বিষয়ে তদন্ত করে নিশ্চিত হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’