মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, অমর একুশে গানের রচয়িতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফর চৌধুরী সেতু উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন খেজুরতলী বাজার সংলগ্ন পাতারহাট টু উলানিয়া সড়কের মধ্যবর্তী এই সেতু উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। সেতু উদ্বোধনকালে সংসদ সদস্য তার বক্তব্যে ভাষা সৈনিক আব্দুল গাফ্ফর চৌধুরীর গৌরবোজ্জল ইতিহাতের কথা তুলে ধরেন এবং মেহেন্দিগঞ্জে তার স্মৃতি বিজড়িত এই জনপদে তার নামে এই সেতুর নামকরণ করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, উপজেলার চানপুর, উলানিয়া (উত্তর), উলানিয়া (দক্ষিন) ও গোবিন্দপুর এই ৪টি ইউনিয়নের সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। এই সেতু নির্মানের ফলে এই ৪টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সাথে স্থায়ী যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে। প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা এলজিইডি। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, পৌর কাউন্সিলর নাদিম মাহামুদ তালুকদার, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠান শেষে সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ শতাধিক অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পরে সংসদ সদস্য উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে আমিনুল হক চৌধুরী সেতু এবং মারুফ চৌধুরী সেতু উদ্বোধন করেন।