শেখ সাদী, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ঘরের ভিতর বাক্সে কাঁকড়া চাষ/ফ্যাটেনিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের (এসসিএমএফপি) অধীনে কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।এ পদ্ধতিতে কাঁকড়ার চাষ দেশের কৃষকদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বুধবার(৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে প্রকল্প প্রধান ফিশারীজ এন্ড মেরীন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সামুদ্রিক কাঁকড়া একটি অত্যন্ত সম্ভাবনাময় পণ্য। লোনা পানির কাঁকড়ার মধ্যে জাতি কাঁকড়া /শিলা কাঁকড়া দেশে ও বিদেশে উপদেয় এবং মূল্যবান খাদ্য হিসেবে সমাদৃত। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি শিলা কাঁকড়া ৪০০-২০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সাধারণত ১৮০-৫০০গ্রাম ওজনের কাঁকড়ার চাহিদা ও বাজার মূল্য বেশি। চীন, মালয়েশিয়া, জাপান আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের কাঁকড়া রপ্তানি করা হয়।কাঁকড়া চাষে ফসলি জমি ব্যবহারে নিরুৎসাহিত করতে এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি থেকে রক্ষা পেতে ঘরের ভিতরে কাঁকড়া চাষ/ফ্যাটেনিং একটি কার্যকরী বিকল্প পদ্ধতি হতে পারে।পদ্ধতির উদ্দেশ্য হলো প্রাকৃতিক দূর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত পদ্ধতি থেকে মুক্ত হয়ে, স্বল্প পানি ব্যবহার করে সারাবছর কাঁকড়া চাষ করা। এর মাধ্যমে কৃষকরা স্ব-জাতি ভক্ষন সমস্যা থেকে রক্ষা, রোগ-বালাই মুক্ত, সঠিক খাবার ব্যবস্থাপনা, বাহিরের দূষণ ও শিকার থেকে মুক্ত, সহজে পর্যবেক্ষণে সক্ষম, কাঁকড়া পালাতে অক্ষম প্রভৃতি বিভিন্ন সুবিধা সম্বলিত কাঁকড়া চাষ, ফ্যাটেনিং বা মোটাতাজাকরণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।
যবিপ্রবির এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডল বলেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ থেকেই শেখার আছে। কৃষকরা যখন মাঠে কাজ করবে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমাদের কাছে যেটা বোধগম্য নয় বা আমাদের কাছে সমাধান নেই তাঁরাও হয়তো তার সমাধান দিতে পারে। সবার সহযোগিতায় একটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।আশা করি,কৃষকরা এই সেমিনার থেকে ঘরের ভেতর কাকড়া চাষ পদ্ধতি সম্পর্কে জেনে ও দেখে নিজেদেরকে কাঁকড়া উৎপাদনে সংযুক্ত করে দেশের বৈদেশিক মূদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ ফিরোজ আহমেদ,এসসিএমএফপি প্রকল্পের সহকারী পরিচালক স্বরজ কুমার মিস্ত্রি, কর্মশালার মূল উপস্থাপনা তুলে ধরেন প্রকল্পের সহকারী পরিচালক এফএমবি বিভাগের লেকচারার শারমিন নাহার।এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবির এফএমবি বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ কৃষকবৃন্দ।