গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকা থেকে রবিবার দুপুরে ইদ্রিস মুন্সীকে (৫৫) নামের এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারকৃত ইদ্রিস উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা। সে (ইদ্রিস) শুক্রবার বিকেল থেকে নিঁখোজ ছিলো।
ইজিবাইক চালক ইদ্রিসের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গভীর রাত পর্যন্ত ইদ্রিস বাসায় না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজ নেয়া শুরু করি। পরবর্তীতে জানতে পারি কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় ইজিবাইকসহ চোরচক্রকে আটক করেছে পুলিশ। কিন্তু ইজিবাইক চালককে ইদ্রিসকে পাওয়া যাচ্ছিলো না।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুপুরে খবরপেয়ে দক্ষিণ পালরদী এলাকার মহাসড়কের পার্শ্বের একটি ঝোপের মধ্য থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ টিপু সুলতান বলেন, অচেতন ব্যক্তির অবস্থা আশংকাজনক। ধারনা করা হচ্ছে চেতনানাশক কোন দ্রব্য তাকে খাওয়ানো হয়েছে। অপরদিকে ইজিবাইক চোরচক্রের আটক তিনজনকে রবিবার দুপুরে উজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কালকিনি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি শামিম হোসেন।