গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নিয়ম বহির্ভূত ভাবে ব্যবসায়ীদের কাছে ফায়ার লাইসেন্স চেক করতে এসে কামরুজ্জামান নামের ফায়ার সার্ভিসের এক কর্মী জনতার হাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে। আটককৃত ব্যক্তি ঝালকাঠির জেলার নলছিটি ফায়ার ষ্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত। এর আগে সে গৌরনদীতে কর্মরত ছিলো।
বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, কামরুজ্জামান নামের ওই ব্যক্তি নিজেকে ফায়ার সার্ভিসের কর্মী দাবী করে ব্যবসায়ীদের ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চায়। এসময় তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পেলে ব্যবসায়ীরা তাকে আটক করে। পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিকে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসারের হাতে তুলে দেয়া হয়।
রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই ফায়ার ফাইটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।