গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধান্ডোবা গ্রামের। খবরপেয়ে থানা পুলিশ ও মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই গ্রামের ভুক্তভোগী ঘের মালিক নুর আলম হাওলাদার অভিযোগ করে বলেন, প্রায় আড়াই একর জমির উপর ঘের নির্মান করে মাছ চাষ করে আসছেন। শনিবার দিবাগত রাতের আধারে কে বা কাহারা ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের সব মাছ মরে ভেসে উঠে। অভিযোগ করে তিনি আরও বলেন, গত দুইদিন পূর্বে তার (নুর আলম) সাথে একই গ্রামের দুই সহোদর মঞ্জু সরদার ও মইন সরদারের সাথে বাগবিতন্ডার জেরধরে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করেই তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে মঞ্জু ও মইন। এতে তার (নুর আলম) প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।