• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজের এ্যাপ্রোচ সড়ক নয়, যেন মৃত্যুকূপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
ব্রিজের এ্যাপ্রোচ সড়ক নয়, যেন মৃত্যুকূপ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজলার আশোকাঠী বাসষ্ট্যান্ডের ব্রীজের ঢালে একেরপর এক দূর্ঘটনা ঘটছে। গত দুই বছরের ব্যবধানে স্থানটিতে কমপক্ষে ১০জন ব্যক্তির প্রানহানি ঘটেছে। এছাড়াও কমপক্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সর্বশেষ গত রবিবার (৩০ এপ্রিল) রাতে ভাইয়ের বাড়ি বেড়াতে এসে মহাসড়কের আশোকাঠী বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বরিশালগামী অভি ডিলাক্স (গাড়ি নং-১৫৫) নামের একটি বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মহেরজান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের আশোকাঠী ব্রীজ নির্মানের পর থেকে ব্রীজের ঢালে একেরপর এক দূর্ঘটনায় প্রানহানি ঘটলেও নেই কোন প্রতিকার। ফলে এ বাসষ্ট্যন্ডটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। ব্রিজের ঢালে গাড়ির বেপরোয়া গতি, সরু সড়কে বিবেকহীন প্রতিযোগিতার কারনেই দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ব্রীজের দুই পাশে গতিরোধক নির্মাণ করা হলে দূর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করেন স্থানীয় সচেতন নাগরিকরা।
গৌরনদী ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, দুই বছরের ব্যবধানে মহাসড়কের আশোকাঠী ব্রিজের এ্যাপ্রোচ সড়কে একাধিক দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। মূলত ব্রিজের ঢালে গতি বেশি থাকায় এবং সড়কের পাশে জায়গা কম থাকায় দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, মহাসড়কে যেকোনো দূর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা সবার আগে সেবাটা দিয়ে থাকে। তবে গাড়ির গতিরোধ করা কিংবা চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি তো আর আমাদের কাজ নয়। ব্রিজের দুই পাশে জেব্রা ক্রোসিং, স্পীড বেকার নির্মান করা হলে দূর্ঘটনা কম হবে বলেও তিনি উল্লেখ করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, গাড়ির গতি নিয়ন্ত্রনের জন্য প্রতিদিনই মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ। তিনি আরও বলেন, স্পীড বেকার বা জেব্রা ক্রোসিং নির্মান সড়ক ও জনপদের কাজ। সড়ক ও জনপদ বিভাগকে আমরা বললে শুনবেনা। আপনারা (সাংবাদিক) বললে হয়তো শুনতে পারে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হবে।