গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ তুচ্ছ ঘটনার জেরধরে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ঘেয়াঘাট গ্রামে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত পারভেজ আকন অভিযোগ করে বলেন, একই গ্রামের আবুল বাসারের ছেলে আউয়াল ফকির আমার জমিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। মঙ্গলবার আমার জমিতে কাজ না করে অন্যের জমিতে কাজ শুরু করে। এতে আমার অনেক ক্ষতি হয়। বিষয়টি তাকে জিজ্ঞাসা করায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে গেলে আমার মা পারভীন বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। অভিযোগ অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন আবুল বাসার বলেন, কাজে না যাওয়ার অজুহাতে আমার ছেলেকে মারধর করা হয়। এসময় হামলা ঠেকাতে গেলে আমাকে ও আমার স্ত্রী রুবি বেগমকে পিটিয়ে আহত করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।