• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় জিনের বাদশা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২৩, ১৫:৪৩ অপরাহ্ণ
গাইবান্ধায় জিনের বাদশা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাদ্দাম আলী (২৯) নামের এক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।

এর আগে, বুধবার (১১ মে) দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবী কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন।

এরই একপর্যায়ে বুধবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি স্বর্ণের বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড জব্দ করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, সাদ্দাম আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।