গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী প্লাজা মার্কেটের পাহারাদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাহারাদারের ছেলে অমিত হাসান রায়হান গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওই মার্কেটের ব্যবসায়ী শংকর কুন্ডু জানান, মার্কেটের পাহারাদার উপজেলার বাসুদেবপাড়া গ্রামের ফারুক জোমাদ্দার ওরফে শুক্কুর আলী দীর্ঘদিন যাবত ফারুক ও তার সহযোগীদের নিয়ে আমার ভাই গৌতম কুন্ডুর কাপড়ের দোকান থেকে প্রতিদিন কাপড় চুরি করে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়ে থানা পুলিশকে অবহিত করি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, চুরির বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতেই এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতের দেয়া স্বীকারোক্তিমতে পাহারাদার ফারুকের গ্রামের বাড়িতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় পাহারাদার ফারুক ও তার ছেলে সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।