• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে হাতি দিয়ে চাঁদাবাজি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৩, ১৩:৩৯ অপরাহ্ণ
বেতাগীতে হাতি দিয়ে চাঁদাবাজি!

বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন হাটবাজারে চলছে হাতির চাঁদাবাজি। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। মঙ্গলবার ও বুধবার এই দুইদিন উপজেলার বেতাগী পৌরসভাসহ মোকামিয়ার মাদ্রাসা বাজার ও হোসনাবাদ ইউনিয়নের নিলখোলা,জলিশাবাজারে খোঁজ নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কাছে হাতির চাঁদাবাজির কথা জানা যায়।
পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, গতকাল সকাল থেকেই বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মোড় হয়ে লঞ্চঘাট পর্যন্ত প্রতিটি দোকানে দুজন মিলে একটি বড় হাতি নিয়ে হানা দেয়। দোকানপ্রতি কমপক্ষে ২০ টাকা করে আদায় করা হয়। হাতি নিয়ে দোকানের সামনে এসে তারা দাঁড়ান, টাকা না দেয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না। এভাবে টাকা আদায়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়েও সমস্যা হচ্ছে।এছাড়াও বড় বড় প্রতিষ্ঠানগুলোতে টাকা আদায়ের পরিমানও বেড়ে যায়। বেতাগী পৌরসভার মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী জানান,হাতিকে টাকা দিতে দেড়ি হওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে হাতি ঢুকে যায় পরে টাকা দিলে বের হয়।

বাজারের একাধিক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝে মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হয়। বিষয়টি দেখার যেন কেউ নেই। গতকাল বিকালে উপজেলার মোকামিয়ার হাটবাজারে গিয়ে দেখা যায়, বড় হাতির পিঠে বসে একজন হাতিটিকে পরিচালনা করছেন। তার এই কাজে সহযোগিতা করছেন তারই এক সহযোগী। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরানো হয় না।
পাথরঘাটা উপজেলার বাসিন্দা ও হাতির মালিক রাকিব বলেন, হাতির খাবারের জন্য অনেক খরচ, কি করবো! বাধ্য হয়ে দোকানে দোকানে যাই। যে যা দেয় তা নিয়েই চলে আসি। বাজারের আরো দুই ব্যবসায়ী বলেন, প্রায় প্রতিদিনই অনেক খাতে টাকা দিতে হয়। বর্তমানে হাতিকেও দিতে হচ্ছে। বিষয়টি খুবই পীড়াদায়ক।
স্থানীয় বাসিন্দা কামাল খান বলেন, বনের পশু পালনের জন্য নির্দিষ্ট আইন আছে। সার্কাস দলে পালনের জন্য অনুমতি দেয়া হয়। তবে বন্য এসব পশুর যাবতীয় দায়িত্ব মালিকের। এভাবে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। বড় হাতি অথবা বাচ্চা হাতি দিয়ে এভাবে টাকা আদায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সুহৃদ সালেহীন বলেন, এভাবে বন্যপশু দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।