মোঃ ইসমাইল ভোলা।।
ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক আমির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া ইউনিয়নের আমিরাবাদ এলাকার বাসিন্দা। আজ বুধবার (০৭ জুন) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভযান চালায়। এ সময় তালতলা লঞ্চঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে আমির হোসেনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের নিচে গোপনাঙ্গের সাথে লুকানো নীল জিপার ব্যাগে পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আমির হোসেন পেশায় সিএনজি চালক। সিএনজি চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদশক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, আমির হোসেন কুমিল্লা থেকে এ ইয়াবা ভোলায় বিভিন্ন যায়গায় বিক্রির জন্য এনেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।