• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বলগেটের ধাক্কায় ট্রলারযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৩, ১৪:৫৫ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার আরিয়াল খাঁ নদীতে রবিবার বিকেলে বালুবাহী বলগেটের ধাক্কায় ট্রলারযাত্রী রাশিদা বেগম (৫০) নিহত হয়েছে। নিহত রাশিদা মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের দুলাল সরদারের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী দুলাল সরদার সহ আরো ৫/৬ জন ট্রলার যাত্রী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুলাল সরদারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, গৌরনদীর একটি ক্লিনিকে স্বামীকে ডাক্তার দেখিয়ে অন্যান্য যাত্রীদের সাথে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন রাশিদা। পথিমধ্যে আড়িয়াল খাঁ নদীতে বালুবাহী একটি বলগেট যাত্রীবাহি ট্রলারের উপর উঠে যায়। এতে গুরুত্বর আহত হয়ে নদীতে পড়ে যায় রাশিদা। এসময় ট্রলার যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশিদাকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বলগেট ও ট্রলারটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।