বরিশালে ভোটকেন্দ্রে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্র পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়রপ্রার্থী।
সোমবার (১২ জুন) সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ জানান, ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। খবর পেয়ে মুফতি ফয়জুল করিম ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রের বাইরে তার গাড়ি ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ইসলামী আন্দোলনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।