• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিসি নির্বাচন: নারী ভোটারদের লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ণ
বিসিসি নির্বাচন: নারী ভোটারদের লম্বা লাইন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

ভোট কেন্দ্রে তুলনামূলক নারী ভোটাদের উপস্থিতি বেশি। ছবি: তানভীর আহমেদ

বরিশাল আইন কলেজের নির্বাচন কর্মকর্তা রোজী বলেন, এখানে নারী ভোটার বেশি এসেছেন। পুরুষদের বুথগুলোতে সেই তুলনায় উপস্থিতি কম। ২২নম্বর ওয়ার্ডের উদয় মাধ্যমি বিদ্যালয় প্রাথমিক শাখা কেন্দ্রে নারী ভোটারদের লম্বা সারি দেখা গেছে।

শ্যামলী বেগম ভোটার বলেন, বাড়িতে অনেক কাজ ফেলে ভোট দিতে এসেছি। কিন্তু ভোট নিতে দেরি হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কাউন্সিলর পদে রয়েছেন ১৫৮ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১১৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ৪২ জন। নির্বাচনে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনী এলাকায় ৩০ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।