স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শেখ মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার বক্তব্য রাখেন। এ সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, এবারের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলায় ৬টি গরুর হাট বসবে। এসব হাটে জেলা ছাড়াও বাইরে গরু বিক্রেতারা আসবেন। গরু বেচা কেনায় টাকা লেনদেনকে কেন্দ্র করে অসাধু চক্র জাল নোট ছড়ানোর চেষ্ঠা করবে। যে কারনে ক্যাসলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতারা নিবিঘ্নে লেনদেন করতে পারবে। #