• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মসজিদের ২তলা থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৩:৩৫ অপরাহ্ণ
বরিশালে মসজিদের ২তলা থেকে নবজাতক উদ্ধার

বরিশালে মসজিদের ২তলা থেকে পরিচয়বিহীন এক ফুটফুটে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের ২ তলা থেকে উদ্ধার হওয়া নবজাতক কোতোয়ালি মডেল থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
জানা গেছে, দুইদিন আগে দুপুরে নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। এরপর তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কাউকে পাননি তিনি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান এবং স্ত্রীর শরণাপন্ন হন।
খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি পুলিশকে জানালে তারা হেফাজতে নেন। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই।
এই খতিব আরো বলেন, শিশুটি উদ্ধারের পর গত দু’দিন ধরে আমার স্ত্রী দেখভাল করছেন। আমি শিশুটিকে আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি থানা পুলিশকেও বলেছি।

তবে শিশুটিকে এ মুহূর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই নিশাত। তিনি বলেন, এখন থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই শিশুটিকে যে কাউকে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালন-পালনের জন্য নিতে চান, সেজন্য তাকেও নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।