আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনার গুরুতর আহত স্কুল শিক্ষার্থী শাকিল মিয়ার (১৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দিবাগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শাকিল মিয়া উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের গোলজার রহমানের ছেলে ও ছাইতানতলাস্থ উদয়ন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সুন্দরগঞ্জ-রংপর আঞ্চলিক সড়কের ছাইতানতলা বাজারের ২’শ গজ পূর্বে শাকিল মিয়া বাইসাইকেল চালিয়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া ছুটে আসা একটি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী শাকিল মিয়া ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
উদয়ন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন বলেন, স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থী শাকিল মিয়া বাইসাইকেল চালিয়ে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।