• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে প্রবীণ মুক্তিযোদ্ধা লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে প্রবীণ মুক্তিযোদ্ধা লাঞ্চিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে প্রবীন এক মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার সরিকল গ্রামের প্রবীন মুক্তিযোদ্ধা নান্না কাজী (৭৬) অভিযোগ করে বলেন, সরিকল গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে নুরুল ইসলাম আমাদের একজন সহকর্মী মুক্তিযোদ্ধা ছিলেন। নুরুল ইসলামের মৃত্যুর পর মুলাদী উপজেলার মধ্য গাছুয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম সরিকল গ্রামের নুরুল ইসলামের এমআইএসের তথ্য পরিবর্তন করে নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে আসছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে নাসির হোসেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের শুনানী ছিলো বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ওই শুনানীতে আমার সহকর্মী মক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলামের পরিবারের পক্ষে আমিও ছিলাম। অপরদিকে মুলাদীর নুরুল ইসলামের পক্ষে ছিলো উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন আকন সহ অন্যান্যরা। শুনানি শেষে ইউএনও’র কক্ষ থেকে বের হলে আমাকে বিভিন্ন উসকানিমূলক কথা বলে মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন। এ সময় আমি তাকে (মেজবা উদ্দিন) বলি যুদ্ধের সময় তুমি (মেজবা উদ্দিন) ছোট ছিলে। এ কথা বলাতেই সে (মেজবা) উপস্থিত মুক্তিযোদ্ধাদের সামনে বসে আমাকে লাঞ্চিত করে। তিনি আরও বলেন, যুদ্ধের সময় অনেক ছোট ছিলো মেজবা উদ্দিন আকন। সে কিভাবে মুক্তিযোদ্ধা হলো তা বোধগম্য নয়।
এ বিষয়ে জানতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন আকনের ০১৭১৫৪৯৯৩৮৭ নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।