গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে “যুবদলের কেন্দ্রীয় নেতাকে বসতে দেওয়ায় দোকানে তালা ঝুলিয়ে দিলো আওয়ামী লীগ” শিরোনামে সংবাদ প্রকাশের জেরধরে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বাজারের ব্যবসায়ীরা।
সোমবার সন্ধ্যা রাতে আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল হোসেন রাঢ়ী, সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন খাঁন সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, মাহিলাড়া বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের আড়তে বসে অবৈধ কার্যকলাপ হতো এবং সরকারের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা করার বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ দিয়েছিলো। এজন্য তার দোকান সাময়িক ভাবে দোকান বন্ধ করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী জাকির তার ভূল বুঝতে পারায় সোমবার রাতেই দোকান খুলে দেয়া হয়।
দোকান খুলে দেওয়ার বিষয়ে ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমার আড়তে অবৈধ মালামাল আসে এমন সংবাদের ভিত্তিতে আড়তে তালা দেওয়া হয়েছিলো। তালাবদ্ধ করার সময় আড়তের মধ্যে কোন মালামাল ছিলোনা। পরবর্তীতে বিষয়টি প্রমানিত না হওয়ায় তালা খুলে দেওয়া হয়েছে। আড়ত খুলে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।