• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রিজিং অ্যাম্বুলেন্সে লাশের পরিবর্তে মিললো গাঁজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ
ফ্রিজিং অ্যাম্বুলেন্সে লাশের পরিবর্তে মিললো গাঁজা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিলো মাদক ব্যবসায়ীরা। কিন্তু গোয়েন্দা পুলিশের তৎপরতায় ওই অ্যাম্বুলেন্স থেকে লাশের পরিবর্তে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী নামক এলাকায় অভিযান চালিয়ে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা তাদের আটক করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলাতানা রাখী জানান, অভিযানে আটককৃতরা হলো-ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও “এল.আর ফ্রিজার” নামের লাশবাহী (ঢাকা মেট্রো-ঠ-১১-৭৭৫৩) ফ্রিজিং অ্যাম্বুলেন্সের চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।
জানা গেছে, লাশবাহী ওই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কোনো লাশ ছিলোনা। আটককৃতরা অ্যাম্বুলেন্সে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বার্থী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বরিশাল জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।