• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অতিদরিদ্র ৪১ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
অতিদরিদ্র ৪১ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি।

বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনা জেলাসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অতিদরিদ্র পরিবারের মেধাবী ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ১৩ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর প্রধান কার্যালয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ চেক তুলে দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

এসময় সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মূল্যায়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সচ্ছলতা ফিরিয়ে আনতে সংগ্রাম ২০১২ সাল থেকে পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) এর
সহযোগিতায় পরিচালিত অতি দরিদ্র পরিবারের এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃত্তি দিয়ে আসছে।
প্রথম দফায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল নিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলে তাদের আবারও দ্বিতীয় দফায় বৃত্তি দেয়া হয়। একই সঙ্গে নিজস্ব অর্থায়নে অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম শুরু করেছে সংগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০১২-২৩ সাল পর্যন্ত মোট ৫২০ জন শিক্ষার্থীর মাঝে ৭২ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার মান অক্ষুন্ন রাখতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা বলেন, অনেক ভালো কাজের মধ্যে এনজিও’র এটি অন্যতম একটি ভালো কাজ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়ে নানামুখী উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে বাধা পেরিয়ে তারাও শিক্ষার ক্ষেত্রে অবদান রেখে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এনড অবস্) মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার ক্ষেত্রে নানামুখী উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এমন করে বেসরকারি উদ্যোগও প্রয়োজন রয়েছে। এভাবেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ তৈরি হবে। শিক্ষার্থীদের শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।