ইচ্ছে মতন বাঁধ দিয়েছো, ছোট্ট খালের পরে,
খালে ছিল, অগোছালো, চিকন সুতোর ঢেউ,
বাঁধ পেয়ে ওই সুতোই এখন, আজদাহা রূপ ধরে,
ভাঙলে ও বাঁধ, দেখবে তোমার আশপাশে নেই কেউ।
ভেসেই যাবে, ফেঁসেই যাবে, প্রবল স্রোতের টানে,
চারপাশে সব নুড়ি, বালু, কেউ রবে না বাকি,
যাদের তুমি পাথর ভাবো, সাহস মাখা মনে,
দেখবে তারা পালিয়ে গেছে, তোমায় দিয়ে ফাঁকি।
তাইতো বলি, আসল, নকল চিনতে শেখো রানী,
তোমার নদী তোমারই থাক, আসবে না কেউ নিতে,
যদি তুমি মায়ার জোরে, বাড়াও আঁচলখানি,
দেখবে শিকড় ডাকছে তোমায়, এইখানে, এই ভিতে।
সত্য বলা সুখ পাখিটার, লাগাম দিলে মুখে,
ঠুনকো লাগাম ছিড়বেই তো, আজ অথবা কাল,
সুখ পাখিটা চাইলে বিচার, প্রভুরই সম্মুখে,
ভেবেছো কি, সেদিন তোমার কেমন হবে হাল?
হয়তো তুমি মস্ত হাতি কিংবা বড় আরো,
প্রজা তোমার পিঁপড়ে সমান, একজোট হয় যদি,
যতই শাসন চাপিয়ে রাখো, যতই তাদের মারো,
পিঁপড়ের দল ক্ষেপলে রানী, বাঁচবে তোমার গদি?
তাইতো বলি, বদ্ধ আগল একটানে দাও খুলে,
শুদ্ধ হাওয়ায় জুড়াক এবার, দেশবাসীর মন,
তাদের বুকের বেদনগুলো, সযত্নে নাও তুলে,
তারাই তোমার শক্তি, সাহস, তারাই আপনজন।
।