• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের চার ঘন্টা আগেই বিদ্যুৎপৃষ্টে সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ণ
বিয়ের চার ঘন্টা আগেই বিদ্যুৎপৃষ্টে সেনা সদস্য  নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কনের বাড়িতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলো হবু বর। বাড়িতে বাজতেছিলো বিয়ের সানাই। বেশ কিছু মেহমান চলেও গিয়েছিলো কনের বাড়িতে। বরকে বরন করে নেওয়ার আয়োজন চলছিলো কনের বাড়িতে। আনুষ্ঠানিক ভাবে বিয়ের লগ্ন ছিলো রাত দশটায়। কিন্তু লগ্নের চার ঘন্টা আগেই বিদ্যুৎপৃষ্টে সেনা সদস্য বর স্বপন দে’র (২৫) মর্মান্তিক মৃত্য হয়েছে।
এঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের। নিহত স্বপন ওই গ্রামের মৃত দিপক চন্দ্র দে’র ছেলে। সে (স্বপন) যশোর ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলো।
নিহত সেনা সদস্যের ভগ্নিপতি ননী নাগ জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সঞ্জয় করের মেয়ে কনা করের সাথে তার শ্যালক স্বপনের বিয়ের লগ্ন ছিলো শুক্রবার দিবাগত রাত দশটায়। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান বিকেলে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়নও করানো হয়। নয়টি মাইক্রোবাসযোগে ৮০ জন বরযাত্রী কনের বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছিলো। সন্ধ্যা ছয়টার দিকে আলোকসজ্জার বাতিতে সমস্যা দেখা দিলে তাতে বিদ্যুৎ সরবরাহ করতে যায় স্বপন। এসময় সজ্জা বাতির বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় স্বপন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
কনের দাদু মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর জানান, হবু বরের মৃত্যুর সংবাদ শুনে কনের বাবা হাসপাতালে ছুটে যায়। এসময় শোক সইতে না পেরে কনের বাবা সঞ্জয় দে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত স্বপন দে নামের এক সেনা সদস্যর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।