:
রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ ও মানবাধিকার বিষয়ে আজ দিনাজপুর প্রেসক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী নারী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মুর্মুর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব ফাল্গুনী ত্রিপুরা, নারী পরিষদের সহ সভাপতি মিনতি মার্ডী, কোষাধ্যক্ষ শিবানী উরাও, রুনু মিঞ্জি, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন প্রমুখ।
সেমিনারে আলোচকরা উত্তরবঙ্গের আদিবাসী নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য জাতীয় সংসদে কমপক্ষে দুইটি সংরক্ষিত আসনের দাবি জানান।বক্তারা আরো বলেন যে, উত্তরবঙ্গের আদিবাসী নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে। আদিবাসী নারীদের প্রতি ঘরে ও বাইরে নানা ধরনের নিপীড়ন চলমান।
বক্তারা আদিবাসী নারীদের জীবনমান উন্নয়নে সরকারকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
দিনব্যাপী এই সেমিনারে যেসব বিষয় আলোচনা হয় সেগুলো হলো: জেন্ডার ও আদিবাসী নারী ইস্যু; আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র; সিডো সনদ; আদিবাসী নারী নেতৃত্ব ও এডভোকেসি।
সেমিনারে দিনাজপুর সদর, পার্বতীপুর ও বিরল উপজেলার উরাও, সাঁওতাল, কড়া নারীরা অংশগ্রহণ করেন।