ইতালি প্রতিনিধিঃ
গত ২৫ জুলাই ইতালি আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা নিয়ে জামাত-বিএনপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতারা।
রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক জি.এম.কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে.এম. লোকমান হোসেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান ও সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের হলরুমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠান পরিচালনা শুরু করেন, ঠিক তখনি সাবেক সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের প্রত্যক্ষ উষ্কানিতে তাদের অনুসারিরা ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে কটুক্তি এবং অনুষ্ঠানে হট্টগোলের চেষ্টা চালায়। তাদের কিছু শ্লোগানের অপব্যবহার করে জামাত বিএনপি মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর সামনে এ ধরণের আচরণ বেয়াদবি এবং ক্ষমার অযোগ্য উল্লেখ করে নেতারা আওয়ামী লীগের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী, আর এই বেয়াদবির সাথে জড়িত কাউকেই ক্ষমা করা হবে না বলে ঘোষণা দেন সাংবাদিক সম্মেলনে।
নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যক্তিগত স্বার্থে, পদ পদবীর লোভে ভাড়া করা লোক দিয়ে চিৎকার চেঁচামেচি করিয়ে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনাকে বিতর্কিত করার অপচেষ্টা করেছেন। আর এটাকে পুঁজি করে বিএনপি জামাত মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা ছাড় দেন কিন্ত ছেড়ে দেন না। মুখে বলবেন নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত আবার নেত্রীর সামনেই তার সিদ্ধান্তকে অসম্মান করবেন তা ইতালি আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কোন ভাবেই মেনে নিবে না।