বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের হাজিপাড়া এলাকার সাবেক যুবদল নেতা ও বর্তমানে আওয়ামী লীগে যোগদানকারী জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আ’লীগের আঞ্চলিক কার্যালয় ভাংচুরের অভিযোগ করেছেন এক যুবলীগ নেতা।
সোমবার সকালে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ফরহাদ হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষে উপজেলার নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিপাড়ায় শনিবার দুপুরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রব মৃধা সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। উদ্বোধনের একদিন পরই রোববার দুপুরে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে ছাত্রদল নেতা সুমন ফকির, বিএনপি নেতা লোকমান, কালাম, আলিম, সজিব সহ ১০/১৫ জনের একটি দল দেশীয় অ¯্র নিয়ে হামলা চালিয়ে প্রকাশ্যে দিবালোকে কার্যালয় সহ বিলবোর্ড ভাংচুর করে।
অভিযোগ করে তিনি (জুয়েল) আরও বলেন, ২০০৪ সালে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি পোড়া মামলার এক নাম্বার আসামী জহির ২০১৮ সালে আওয়ামী লীগে যোগদান করে। এনিয়ে সে (জহির) মোট চারবার আওয়ামী লীগে যোগদান করেছে। সর্বশেষ আওয়ামী লীগে যোগদানের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শায়েস্তা করতে বেপরোয়া হয়ে উঠছে। এরইমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল করাতীর দিঘী দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তবে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও অন্যান্য অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন জহিরুল ইসলাম জহির। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।