• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গমাতা মরণোত্তর পদক পেলেন সাহারা খাতুন | ফোরকান মিঞার শ্রদ্ধায় স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ণ
বঙ্গমাতা মরণোত্তর পদক পেলেন সাহারা খাতুন | ফোরকান মিঞার শ্রদ্ধায় স্মরণ

স্টাফ রিপোর্টার
রাজনীতিতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ পেয়েছেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক তুলে দেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা উপস্থিত ছিলেন। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জন্ম ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায়। শিক্ষাজীবনে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন শিক্ষাজীবন থেকেই। রাজপথে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, আইয়ুব-ইয়াহিয়া বিরোধী আন্দোলন, দেশ স্বাধীন করার আন্দোলন, ৭৫’র পর অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলন এবং বিএনপি সরকারের নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন সাহারা খাতুন।

রাজপথে আন্দোলন, বিভিন্ন সময়ে হরতাল, সভা-সমাবেশ করতে গিয়ে একাধিক বার গ্রেপ্তার এবং নির্যাতিত হয়েছেন প্রয়াত এই রাজনীতিক। তিনি আইন পেশায় নিয়োজিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মামলা বিনা পয়সায় লড়েছেন। ওই সময় তার সাথে থেকে আইনি সহায়তা দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন সাহারা খাতুন। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করে।

ওই সময় শুরুর দিকেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাহারা খাতুন। তারপর ২০১২ সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে মরণোত্তর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক দিয়ে সন্মানীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক,পটু্য়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দশমিনার কৃতি সন্তান বিনয়ী রাজনৈতিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা। অ্যাডভোকেট ফোরকান মিঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সাফল্যর এই দিনে তাকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশের অন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সাহারা খাতুন এক নিবেদিত রাজনীতিবিদের নাম। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। রাজনীতি ও আইনপেশা দুটোতেই সমান দক্ষতার সাক্ষর রেখেছিলেন তিনি। পাশাপাশি রেখেছেন নারীর কল্যাণে প্রশংসনীয় ভূমিকা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পতিত জিয়া-এরশাদের সামরিক দুঃশাসন আর বিএনপি-জামায়াত জোট সরকারের পতন আন্দোলনে সব সময় মিছিলের অগ্রভাগে ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। গণতান্ত্রিক আন্দোলন-মিছিল-মিটিং, পিকেটিং-এ নেতৃত্ব দিতে গিয়ে অসংখ্যবার গুরুতর আহত হয়েছেন সাহারা খাতুন। ২০০৪ সালে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। কারাগারে যেতে হয়েছে অনেকবার।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সাহারা খাতুনের আত্মার শান্তি কামনা করি।