• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ১৪:৪৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূলশক্তি-এমন প্রতিবাদ্য নিয়ে দিনাজপুরে আদিবাসী সংগঠনের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ভূমি অধিকার, আদিবাসীদের অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার ও ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে আদিবাসী হিসাবে গণ্যের দাবিতে তাদের এই মানববন্ধন ও সমাবেশ। সরকার আদিবাসীদের সুরক্ষায় বিভিন্ন সময়ে যে ওয়াদা দিয়েছেন পরবর্তীতে তারা সে ওয়াদা রাখেননি। তাই আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা ইউসুফ খান জাই, বাসদের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেন,জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা শাখার আহবায়ক মানিক সরেন, আদিবাসী নারী পরিষদের কোষাধ্যক্ষ শিবানী উড়াও, আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক প্রদীপ খালকো প্রমুখ।

বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৫২ বছর পেরিয়ে যাচ্ছে তবুও আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিটুকু তাদের জুটেনি। বরং দিনে দিনে আদিবাসীরা তাদের ভূমি হারিয়ে আজ প্রায় ভূমিহীনে পরিণত হতে চলেছে। বর্তমান ক্ষমতাসীন সরকারের নেতৃত্বাধীন আওয়ামীলীগ তাদের নির্বাচনী ইশতেহারে সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ আদিবাসীদের জীবন মান উন্নয়ন, জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও কোনটিই বাস্তবায়নের উদ্যোগ নিতে দেখা যায়নি। অবিলম্বে আগামী নির্বাচনের আগে এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানানো হয়। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রাসেল মুর্মু ।

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর। তাং ০৮/০৮/২৩ ই