• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, মাসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, মাসহ আহত-৩

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আলিশা মুসকান নামে ১৪ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসে থাকা ওই শিশুর মা ও ভাইসহ ৩ জন।

আজ বুধবার (০৯ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল থেকে মাইক্রোবাসে করে সুবর্ণা বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে স্বামী সেনা সদস্য শরিফুল ইসলাম জীবনের কর্মস্থল বরিশালে যাচ্ছিলেন।

এসময় মাইক্রোবাসটি কাজুলিয়া এলাকায় পৌঁছালে টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সুবর্ণা বেগম (২৩), তার শিশু কন্যা আলিশা মুসকান (১৪ মাস), শিশু পুত্র মাহির (৪) সহ চারজন আহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিশা মুসকানকে মৃত ঘোষণা করেন। #