সাংবাদিক মোঃ আব্দুল্লাহ
শাশুড়ী বউয়ে লাগছে ঝগড়া
কি জানি কি নিয়া
দুই জনাতে চলছে লড়াই
জিহ্বা ও ঠোঁট দিয়া।
কিল ঘুষি নেই চড় লাথি নেই
চলছে লড়াই ঠোঁটে
গাছের পাতা ঝরছে ওদের
মন্দ কথার চোটে।
শশুর ব্যাটা বকছে বউয়ের
চৌদ্দ পুরুষ তুলে
বউ বেটি ও কম জানে না
বকছে সমান তালে।
ওদের গালি এতই পঁচা
এতই এতে গন্ধ
কাব্য কথায় লিখলে এসব
বলবে লোকে মন্দ।
লড়াই করে করে যখন
ক্লান্তি এলো নেমে
বিচার-আচার ছাড়াই ওদের
ঝগড়া গেল থেমে।
ওদের ঝগড়া থেমে যাওয়া
একটু খানি পরে
নতুন আরেক ঝগড়া শুরু
হইল তাদের ঘরে।
রান্না করার কি জানি কি
তুচ্ছ বিষয় নিয়ে
এবার লাগছে তাহাদের দুই
ছোট্ট ছেলে মেয়ে।
মাতাপিতার মুখে ওরা
মন্দ কথা শুনে
সেই কথাতেই ঝগড়া বিবাদ
করছে দু’ভাই বোনে।
শিশুরা তো এমনি হয়
যাহাই ওরা দেখে
উহার চর্চা করে করে
উহাই তারা শিখে।
ছোটখাটো ঝগড়া তো ভাই
জীবনেরই অংশ
শত চেষ্টা করেও তারে
যায় না করা ধ্বংস।
যতদিন এই জীবন আছে
ঝগড়া থাকবে, তবে
শিশুর চোখের আড়ালে এই
ঝগড়া করতে হবে।
শিশুর চোখের সামনে যদি
করি এ সব ভুল
আমার কাছে শিখেই শেষে
ছিঁড়বে আমার চুল।