ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুন সুর বাজানো হয়। এরপর ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযঞ্জের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
রাষ্ট্রীয় কর্মসূচী শেষ করে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় প্রধান হিসাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান। পরে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ভবনে থেকে মন্ত্রিসভার সদস্য, তাঁর উপদেষ্টাগণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুলহক টুকু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কর্নেল (অবঃ) মুহম্মদ ফারুক খান এমপি, শাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, আইন মন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, তথ্য ও যোগাযোগ মন্ত্রী হাচান মাহমুদ, মীর্জা আজম এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশসহ মন্ত্রিসভার সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহা পরিদর্শক কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সকাল ১১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে কেন্দ্রীয় ও দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। রাষ্ট্রীয় কর্মসূচী শেষ হলে বঙ্গবন্ধুর সমাধি সৌধ সাধারন মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় সাধারন মানুষ তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধি সৌধ।
শোক দিবসে শোকের আবহ সৃষ্টি করতে মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বাসা-বাড়ী, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙ্গানো হয়েছে কালো পতাকা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। #