• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাগিংয়ের সাথে জড়িতদের শুধু বিশ্ববিদ্যালয় থেক বহিষ্কার নয়, পুলিশের হাতেও সোপর্দ করা হবে : যবিপ্রবি উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩, ১৫:২৯ অপরাহ্ণ
র‌্যাগিংয়ের সাথে জড়িতদের শুধু বিশ্ববিদ্যালয় থেক বহিষ্কার নয়, পুলিশের হাতেও সোপর্দ করা হবে : যবিপ্রবি উপাচার্য 

যবিপ্রবি প্রতিনিধি

আগামী ২৬ আগস্ট থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন র‌্যাগিং নিয়ে কড়া হুশিয়ারী প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) র‌্যাগিং বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নবীন শিক্ষার্থীরা নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে বিচরণ করতে পারবে। তবে র‌্যাগিং এর সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবেনা, তারা যেন অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারে সে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সর্বপ্রথম আলোকিত মানুষ হতে হবে। শুধু পড়ালেখা করলে হবেনা, পড়ালেখার পাশাপাশি সামাজিক অঙ্গনে নিজেকে মুক্ত ভাবে বিচরণ করাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবেই দেশ, জাতি তথা সকলের উন্নতি হবে।’

এর আগে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি, ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বিষয় প্রাপ্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধাতালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সে সকল চুড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ আগস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ২৬ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।