ডেস্ক রিপোর্ট:
শোকাবহ আগষ্টে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিরিন নিগার। আজ মঙ্গলবার ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।
ওরিয়েন্টেশন ক্লাসের কমিটি থেকে পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, যেহেতু আগস্ট মাসটি শোকের মাস। তাই ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি এই ওরিয়েন্টেশন আয়োজক কমিটিতে অংশগ্রহন করতে অপারগতা প্রকাশ করেছি।
এদিকে ওরিয়েন্টেশন ক্লাসকে শোকাবহ আগস্টের সাথে মিলানো ভন্ডামি বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া ও পরিচিত হওয়ার একটি মাধ্যম। ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থীরা উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে পরিচিতি লাভ করতে পারেন। এই কাজগুলো করলে শোকাবহ আগস্ট মাসের সম্মান-শ্রদ্ধা নষ্ট হয় একথা কোথায় আছে? এগুলোর সাথে শোকাবহ আগস্টের কোনো সম্পর্ক নেই। যারা এটা নিয়ে কথা বলছে, প্রকৃতপক্ষে তাঁরা বঙ্গবন্ধুকে ভালোবাসে না। তাঁরা বঙ্গবন্ধু ও শোকাবহ আগস্টের নামে ভণ্ডামি করছে।
ওরিয়েন্টেশন কমিটি থেকে ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগের বিষয়ে তিনি জানান, তিনি প্রভোস্ট হিসেবে কমিটিতে গিয়েছেন।যদি তিনি ওরিয়েন্টেশন কমিটি থেকে পদত্যাগ করে থাকে, তাহলে সেই পদ(প্রভোস্ট) থেকেও তাকে পদত্যাগ করা উচিত।এই কমিটি তো কোনো ব্যক্তি দেখে হয় নাই, পদের জন্যই হয়েছে। যিনি পদত্যাগ করেছেন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং যদি তিনি যথাযথ ব্যাখ্যা না দিতে পারেন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২১শে আগস্ট যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের অনুষদভিত্তিক সময়সূচি প্রকাশিত হয়। দুটি ভাগে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ওরিয়েন্টেশন ক্লাসটি সম্পন্ন হবে। বুধবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান , কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীব বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য বিজ্ঞান, ও ব্যবসা শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে দুপুর দুইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত।