• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৩, ১৬:৩৮ অপরাহ্ণ

তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে র‌্যালি ও পরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক এতে অংশ নেয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলা সদরে বিএনপি’র দলীয় কার্যালয় এসে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল সাত্তার হাওলাদার, সিনিয়র নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ প্যাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, সিনিয়র নেতা সালাম মৃধা প্রমুখ। অপরদিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়ার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম খান, আব্দুল সোবাহান, মো. শাহাবুদ্দিন শিকদার, মো. নেছার উদ্দিন রাড়ি, চান মিয়া মুসল্লী প্রমুখ। এ সময় মরহুম জিয়াউর রহমান এর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করে। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন সড়কে ও সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।