• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে-গোপালগঞ্জে পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৩, ১৩:০৮ অপরাহ্ণ
নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে-গোপালগঞ্জে পুলিশ প্রধান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবে আমরা সেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে।

আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান আরো বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শতবর্ষের পুরাতন বাহিনী। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আইন-শৃঙ্খলার উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফাসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #