• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশিক্ষণ পাবে বেকার যুবক-যুবতী দক্ষ শ্রমশক্তি রপ্তানি হবে বিদেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
প্রশিক্ষণ পাবে বেকার যুবক-যুবতী দক্ষ শ্রমশক্তি রপ্তানি হবে বিদেশে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দেশের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ, উদ্যোক্তা তৈরি ও দক্ষ শ্রমশক্তি রপ্তানির লক্ষে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মান করছে সরকার। তারই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলমের সভাপতিত্বে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন। সেলক্ষে ইতিমধ্যে কেন্দ্রের সামনে প্যান্ডেল নির্মান ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়ার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য মন্ত্রীর পদপর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার কসবায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মান কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের আওতায় ২০২০ সালের মার্চে ২০ কোটি সাত লাখ টাকা ব্যয়ে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়।
এবিষয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু জানান, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র প্রচেষ্টায় গৌরনদীর বেকার যুবক-যুবতীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়। কেন্দ্রটি চালু হওয়ার পর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনবল তৈরি হবে। ফলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে গৌরনদী উপজেলাবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।
এব্যাপারে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইউম জানান, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ সুধীজনদের আমন্ত্রন জানানো হয়েছে। তিনি আরও বলেন, ৭৫ জন জনবল নিয়ে ছয়টি ট্রেডে ১৫ টি কোর্স নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হবে। এতে প্রায় ৪২ জন প্রশিক্ষক থাকবে। কেন্দ্রটি থেকে বেকার যুবক-যুবতিরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।