গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাবা-মায়ের সাথে অভিমান করে রাকিব হাওলাদার (১৮) নামের এক এইচএসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার লক্ষণকাঠী গ্রামের নিজেদের নির্মাণাধীন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব ওই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে শিকারপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিচ্ছিলো।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওই গ্রামের ইউপি সদস্য বাদল তালুকদার জানান, পড়ালেখা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মা-বাবার সাথে অভিমান করে না খেয়ে ঘুমিয়ে পরে রাকিব। শুক্রবার ভোরে নিজেদের নির্মানাধীন পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।