• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১৫:১৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার স্টীমারঘাট নতুন লঞ্চঘাট টার্মিনালে এমভি পারিজাত লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ টি লাকেজ ও দুটি বড় ট্রাভেল ব্যাগ ভর্তি ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজিপুর এলাকার মৃত আব্দুল করিম খন্দকারের পুত্র জাকির খন্দকার (৪২), বরিশাল সদর উপজলার সালুকা এলাকার ছমেদ মল্লিকের পুত্র ফারুক মল্লিক(৩৮) এবং অপরজন হলো মোখলেছুর রহমানের ছেলে মোঃ আজিজ। এদের মধ্যে মোঃ আজিজকে ১টি মামলায় মেহেন্দিগঞ্জের ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।বাকী দুই জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে মামলা রুজু করা হবে। বরিশাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- এর সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ২.৫৫ মিনিটের সময় মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে ভিড়ে থাকা এমভি পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ৮কেজি এবং অন্য আরেকজনের কাছ থেকে ২৫ কেজি সর্বমোট ৩৩ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করতে সক্ষম হন। লঞ্চটি লক্ষীপুরের মৌজুচৌধূরীর হাট ঘাট থেকে ছেড়ে বরিশাল যাওয়ার পথে মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমারঘাট এলাকায় ঘাট দেয়। সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ সংবাদ মাধ্যমকে আরো জানান, তারা দিনব্যাপী অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন জায়গায়। অভিযানের শেষ দিকে তাদের কাছে সংবাদ আসে পারিজাত লঞ্চে গাঁজার একটি বড় চালান আসতেছে। তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান। আটককৃতরা জানান,উদ্ধার হওয়া গাঁজার চালানটি বরিশালের গৌরনদীতে পৌঁছানোর কথা ছিলো। যেহেতু সরাসরি বরিশাল লঞ্চঘাটে নামলে পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে তাই তারা পাতারহাট লঞ্চঘাটে নেমে স্প্রীটবোটযোগে বরিশালের তালতলী ঘাট হয়ে হুন্ডাযোগে গ্রাম্য পথে গৌরনদী পৌঁছাতেন। তারা এর আগেও একাধিক বার এই রুট ব্যবহার করেছেন বলে স্বীকার করেন।