শেখ ফাহমিদা নাজনীন
কন্যা, তোমার কাজল রঙা গায়ে,
বাদল শেষের রাত্রি যেন নামে,
বাজনা বিহীন নুপুর জোড়া পায়ে,
জড়িয়ে থাকে আলোক লতার দামে।
সন্ধ্যা যখন কালচে হয়ে এলো,
বইছে বাতাস ঝিরঝিরি এক সুরে,
সেই গোধূলি অঙ্গ তোমার ছুঁলো,
যতই তুমি পালিয়ে বেড়াও দূরে।
বর্ণ তোমার নীলকন্ঠ ফুলে,
মাখো মাখো ভোরের দূর্বাঘাসে,
হরিণ চোখে সুরমা ওঠে দুলে,
দাঁড়াও যখন পূবালী বাতাসে।
কন্যা, তোমার মেঘবরণ কেশ,
ঢেউ তুলে যায় কোমরে ছুঁই ছুঁই,
আবরণে লুকিয়ে রাখো বেশ,
আলগোছে দুই চরণ ছোঁবে ভূঁই।
হাসলে তুমি হাজার বাতি জ্বলে,
কাঁদলে যেন বাদল ভরা রাত,
আদর হয়ে যার ঘরেতে এলে,
খোদার রহম ভরবে তারই পাত।
কন্যা, তোমায় কে বলেছে কালো?
তুমি যেন জান্নাতি এক হুর,
অশ্রু যখন জায়নামাজে ঢালো,
রব্ব তোমাতে রন্ না মোটেও দূর।